মুক্তদেশ ডেস্ক: বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার উপসাগরীয় দেশ বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে তিন দিনের মধ্যে এটি ছিল ইরানের দ্বিতীয় ড্রোন হামলা।
এদিকে ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলে সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হয়েছে। এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ শহর এডেনের দিকে অগ্রসর হওয়ার সম্ভাব্য পথ তৈরি হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে পেতে রাখা একটি মাইনে আঘাত পেয়ে তেলবাহী সুপারট্যাংকার ডুবে গেছে।এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ডের’ জবাবে তারা বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছুড়েছে। তবে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনগুলো প্রতিহত করেছে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো রাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাব দেওয়া অব্যাহত রাখবে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর সর্বশেষ হামলা ইরানের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান ‘কারও জন্য অপেক্ষা করছে না’; বরং নিজেদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছে।
গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এসব হামলার মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে হামলাও রয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব হামলাকে ছোটখাটো অভিযান হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ তাঁকে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল।
তবে একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি করার চেষ্টা করছে না ওয়াশিংটন। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে কথিত দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তদন্তের দিকে মনোযোগ দিতে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন।মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। তিনি শান্তির শর্ত নিয়ে আলোচনার জন্য ইরানের আলোচকদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের অনুরোধও জানিয়েছিলেন।
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। কিন্তু এখনো পরিস্থিতির কোনো সমাধান হয়নি। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধমূলক নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও দেশটির ওপর নৌ অবরোধ বজায় রেখেছে।
এদিকে পৃথক এক ঘটনায় ইরানের রেভল্যুশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে। এর মধ্যে দুই মিলিয়ন ব্যারেল তেলবাহী একটি সুপারট্যাংকার ডুবে গেছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটিতে ‘প্রচণ্ড বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড’ ঘটে।
তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন সূত্রের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে।
বাহরাইনে হামলার ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টাপাল্টি আঘাতের কৌশল গ্রহণ করেছে ইরান।বাহরাইনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে একটি অগ্রবর্তী সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে আগে মার্কিন পঞ্চম নৌবহর ও মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তর ছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় এটি গুরুত্বপূর্ণ সহায়তাকেন্দ্র হিসেবে কাজ করে।
গত সেপ্টেম্বর পর্যন্ত ইরান বারবার বাহরাইনে হামলা চালিয়েছে। এরপর কিছুদিন হামলা বন্ধ ছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালালে সেই বিরতি শেষ হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও ঘটেনি।
রোববারের হামলার পর বাহরাইনে সতর্কসংকেত ও সাইরেন বাজানো হয়। দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।
৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হায়াত ইব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ঠিক যে ঘটনাটি ঘটুক, তা আমি চাইনি—সেটিই আবার ঘটছে। ইরানের হামলা আবার শুরু হয়েছে। এর সঙ্গে ফিরে এসেছে উদ্বেগ ও অনিশ্চয়তা।’
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলা পুনরায় শুরু হওয়াকে ‘জঘন্য আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে বলা হয়, বাহরাইনের ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে তেহরানের ‘দুর্বল অজুহাত ও ভিত্তিহীন দাবি’ প্রত্যাখ্যান করছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিশোধ নেওয়ার ময়দানে পরিণত করতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের বিষয়টিও বাহরাইন প্রত্যাখ্যান করছে। এসব হামলা এবং এর পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায় নিতে হবে।’
জর্ডান, মিসর, সৌদি আরব ও কাতারও হামলার নিন্দা জানিয়েছে এবং বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করেছে।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান বড় ধাক্কার মুখে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে সরকারপন্থী বাহিনী বাব আল-মানদেব প্রণালি এলাকা থেকে পিছু হটে দক্ষিণ উপকূলের এডেন শহর রক্ষায় মনোযোগ দিয়েছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সরকারপন্থী প্রধান সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী তাইজ প্রদেশের পশ্চিমে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মানদেব এলাকা থেকে নিজেদের সেনাদের পুনর্বিন্যাসের অভিযান শুরু করার ঘোষণা দিচ্ছে।’
এই স্বীকারোক্তি থেকে বোঝা যাচ্ছে, লোহিত সাগরের প্রবেশমুখ থেকে হুথি বিদ্রোহীদের সরিয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটটি নিরাপদ করার লক্ষ্যে সরকারের ছয় সপ্তাহের পাল্টা অভিযান কার্যত ব্যর্থ হয়েছে।
এএফপি সামরিক ও সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এডেনের কাছে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
এএফপি ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য দিয়ে প্রতিবেদনটি সমৃদ্ধ করা হয়েছে।
