মুক্তদেশ ডেস্ক: টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার প্রায় চার ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। দেশটির আকাশপথ আবার খুলে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে সতর্ক করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। বাকি ফ্লাইটগুলো শনিবার সকালে চালুর উদ্যোগ নেওয়া হবে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশপথ আবার খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ১৫ মিনিটে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিমান চলাচল বন্ধের কারণ হওয়া টেলিযোগাযোগের সমস্যাটি শনাক্ত করার পর আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কথা জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয় এফএএ। সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।
আকাশপথ খুলে দেওয়ার পরও সব ফ্লাইট একসঙ্গে চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শন ডাফি। তিনি বলেন, ফ্লাইট পরিচালনা নির্ভর করবে পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর। শুক্রবার রাতে যত বেশি সম্ভব আটকে পড়া ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হবে।
