মুক্তদেশ ডেস্ক: আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে ভারতের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে। এমনটাই মনে করেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে । একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আনতে দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার কেরালার কোচিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে দীপক বলেন, নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন সম্ভব। একই সঙ্গে তিনি একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন।
সিজেপির ‘জন্তর মন্তর অ্যাট কোচি’ কর্মসূচির অংশ হিসেবে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধীসোনিয়া গান্ধী
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দীপক অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে বিজেপি সরকার দেশের তরুণ প্রজন্মের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে জ্ঞানেশ কুমার এতটা গুরুত্বপূর্ণ কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
জাতীয় পতাকা নিয়ে দিল্লির জন্তর মন্তরে প্রবেশের অভিযোগে সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে তার গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে দীপক বলেন, যেখানেই যাবেন, সেখানেই জাতীয় পতাকা বহন করবেন।
তিনি বলেন, ‘এই তেরঙ্গা পতাকা উঁচিয়ে ধরার অপরাধে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুতোষকেও একই কারণে কারাগারে পাঠানো হয়। ভারতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ব্রিটিশ শাসনামলে।’
এনডিএ সরকারের সঙ্গে ব্রিটিশ শাসনের তুলনা করে দীপকে অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের স্বাধীনতা ও অধিকার খর্ব করার চেষ্টা করছে।
