মুক্তদেশ ডেস্ক: স্পেনের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বুধবার উর্দা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে মাদ্রিদ থেকে সেভিলগামী রেনফে এভিই (Renfe AVE) ট্রেনের সঙ্গে আইরিও (Iryo) পরিষেবার একটি ট্রেনের সংঘর্ষ হয়।
ট্রেন দুটিতে একটি শিশুসহ আনুমানিক ৫৪৪ জন যাত্রী ছিলেন।
কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক প্রেসিডেন্ট এমিলিয়ানো গার্সিয়া-পাখে জানিয়েছেন, এভিই ট্রেনে ২৪ জন এবং আইরিও ট্রেনে ছয়জন নিহত হয়েছেন।
আহত ৮০ জনের মধ্যে ৫০ জনের আঘাত মাঝারি থেকে গুরুতর। বাকি ৩০ জন সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি বগিতে এখনো উদ্ধারকর্মীরা প্রবেশ করতে পারেননি।
স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায়।
প্রাথমিক তদন্তে সংঘর্ষের পেছনে রেলপথের সংকেতব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এক যাত্রী স্পেনের সম্প্রচারমাধ্যম আরটিভিইকে জানিয়েছেন, তাঁর ট্রেনটি কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। ওই এলাকায় ‘ট্রেনের অতিরিক্ত চলাচলের চাপের’ কারণে সেটি থামানো হয়েছিল বলে তাঁকে জানানো হয়। পরে ট্রেনটি আবার চলতে শুরু করলে অন্য ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়।
এর আগে, নয় মাস আগে স্পেনের কর্দোবা প্রদেশে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন।
