মুক্তদেশ ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূল করব। জনআস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।
শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, বিগত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা নিরসন করাই আমাদের লক্ষ্য। ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে এবং কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করে আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই।
বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, সমাজে যাতে কোনো মাদক, চাঁদাবাজ বা কিশোর গ্যাং না থাকে, সে লক্ষ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার ওপর সরকার গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে কমিউনিটি পুলিশের কার্যক্রমকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।
আইজিপি বলেন, বিগত সময়ে কমিউনিটি পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের অনিয়ম রোধে একটি আইনি কাঠামোর ভেতরেই এখন কমিউনিটি পুলিশের কার্যক্রম পরিচালিত হবে।
সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহযোগিতা করুন। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন করতে পারব।
পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনায় কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
