মুক্তদেশ ডেস্ক: ভাড়াটে খুনি নিয়োগের খরচ নিয়ে আলোচনা এবং এক উগ্রডানপন্থি কর্মীর মাধ্যমে হামলার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সাবেক নির্বাচনী প্রার্থী ও সদস্য জ্যাক রসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আলজাজিরার এক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে এসব বিষয় উঠে আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় দলটি।
আলজাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্রটির নাম ‘কন্ট্রাক্ট কিলারস অ্যান্ড দ্য ফার রাইট’। ২০২১ সালে এই অনুসন্ধান শুরু হয়। ওই সময় আলজাজিরার এক ছদ্মবেশী সাংবাদিক ডানপন্থি মার্কিন অ্যাকটিভিস্ট সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর (টিপিইউএসএ) স্বতন্ত্র সহযোগী সংগঠন টার্নিং পয়েন্ট ইউকে (টিপিইউকে)-তে যোগ দেন।
টিপিইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক রস ২০২৩ সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আলজাজিরার ওই ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে স্কটল্যান্ডের গ্লাসগোর বাসিন্দা নেসবিটের পরিচয় করিয়ে দেন। নেসবিটের বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
আলজাজিরার ছদ্মবেশী সাংবাদিকের সঙ্গে কথোপকথনে রস বলেন, নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নেসবিট ও তার পরিচিত ব্যক্তিরা শারীরিক হামলার ব্যবস্থা করতে পারেন। তিনি কাউকে মারধর, মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ছুরিকাঘাত ও গুলি করার কথা বলেন। এমনকি কাউকে হত্যা করার ব্যবস্থাও করা সম্ভব বলে দাবি করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে কনজারভেটিভ পার্টির একজন মুখপাত্র বলেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জ্যাক রসের দলীয় সদস্যপদ অবিলম্বে স্থগিত করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না।’
টার্নিং পয়েন্ট ইউকের সঙ্গে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সংগঠনটির নেতাদের সঙ্গে রিফর্ম ইউকের নেতাদেরও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
