মুুক্তদেশ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনের রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত মাহরাহ আল নাহিয়ান। এসময় ৩২ বর্ষী ওই নারীর পাশে অযত্নে পড়ে ছিল তিন বছর বয়সী এক শিশু।
এ ঘটনায় দোষ স্বীকার করেছেন মাহরাহ। তাকে দুই বছরের পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। পাশাপাশি তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে তিনি রাজপরিবারের সঙ্গে কিভাবে সম্পর্কিত এবং শিশুটি তার কিনা, তা জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত সড়কে অচেতন অবস্থায় পাওয়া যায় মাহরাহকে। তার সঙ্গে থাকা তিন বছর বয়সী শিশুটি তখন জুতা ছাড়াই সড়কের পাশে খেলছিল। কাছাকাছি এক ব্যক্তিকেও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পথচারীরা শিশুটিকে একা এবং চলন্ত যানবাহনের কাছাকাছি দেখতে পেয়ে এগিয়ে আসেন। পুলিশ পৌঁছানো পর্যন্ত তারাই শিশুটির দেখাশোনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, কোকেন সেবনের পর প্রায় আধা ঘণ্টা সাড়া দিচ্ছিলেন না মাহরাহ। জ্ঞান ফেরার পর তিনি বলেন, ‘এটি কোনো কসাইখানা নয়। আপনারা এতটা মাথা ঘামাচ্ছেন কেন? এত চিন্তিত কেন?’
পরে তল্লাশির সময় তার কাছে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি। ঘটনার পর আসক্তির চিকিৎসার জন্য তাকে ইংল্যান্ডের সারেতে ওকিংয়ের প্রিয়রি ক্লিনিকে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মাহরাহ। তিনি বিয়ের সূত্রে আবুধাবির রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত। প্রতি মাসে ৮ হাজার পাউন্ড ভাতা পান তিনি। এছাড়া বিস্তারিত জানা যায়নি।
আদালতে সরকারি কৌঁসুলি রিও পাহলাভানপুর বলেন, শিশুটিকে জুতা ছাড়া রাস্তায় একটি স্কুটারের সঙ্গে একা ঘুরতে দেখা যায়। শিশুটি চলন্ত যানবাহনের খুব কাছাকাছি থাকায় পথচারীরা হস্তক্ষেপ করেন।
অন্যদিকে, মাহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি বলেন, তার মক্কেল ওই দিনের ঘটনাকে ‘গুরুতর ভুল’ হিসেবে স্বীকার করেছেন। তবে আইনজীবীর দাবি, যেদিন তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি মাদক গ্রহণ করেননি; বরং আগের কয়েক দিনে মাদক গ্রহণের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন।
আইনজীবী আরও জানান, নিজের আসক্তি কাটিয়ে উঠতে মাহরাহ অনুতপ্ত এবং চিকিৎসা সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিন মাসের পুনর্বাসন কর্মসূচির সব ধাপ শেষ করার পরিকল্পনা রয়েছে তার। চলতি মাসের শেষ নাগাদ কর্মসূচিটি শেষ হওয়ার কথা।
ভবিষ্যতে গিল্ডফোর্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখান থেকে দিনের বেলায় চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। আদালত মাহরাহকে দুই বছরের কমিউনিটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।
