মুক্তদেশ ডেস্ক: যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার নতুন তারিখও নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন নিয়োগ কমিটির পরিচালক (প্রশাসন) ও আহ্বায়ক যুগ্মসচিব ডিএম আতিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।
স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিকভাবে অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এ বিষয়ে এসএমএসের মাধ্যমে পুনরায় অবহিত করা হবে।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
