মুক্তদেশ ডেস্ক: দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা সেখানে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত থাকবেন।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
