মুক্তদেশ ডেস্ক: জুলাই আন্দোলনে ঢাকার কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত বছরের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গত ১৪ জুন উচ্চ আদালত থেকে জামিন পান কলিমুল্লাহ। এরপর গত ৩০ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানার জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়। ওই মামলায় সম্প্রতি তিনি জামিন পান।
এরপর গত ৭ সেপ্টেম্বর তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন কাফরুল থানার এসআই জহুরুল ইসলাম। এদিন শুনানিকালে কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
কলিমুল্লাহর পক্ষে শুনানিতে আইনজীবী মহসিন রেজা বলেন, ‘এ আসামির রাজনৈতিক কোনো পদ নেই, তিনি একজন প্রফেসর। তিনি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ বহন করতেন।তাকে গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করছি।’
তবে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, এ আসামি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
এরপর আদালতের অনুমতি নিয়ে কলিমুল্লাহ বলেন, ‘আমি ছাত্রজীবন এবং আমার শিক্ষকতার জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নেই। আমি ভিসি থাকাকালীন তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। এতে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনে আবু সাইদ হত্যা নিয়ে আমি প্রতিবাদ করেছি এবং কথা বলেছি। আমি একজন শিক্ষক। এর বাইরে আর কিছু না।’
উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কাফরুল এলাকায় আন্দোলনে অংশ নেন তরিকুল ইসলাম রুবেল। রাত ৮টার দিকে তাদের উপর গুলি ও হামলা করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম রুবেল। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
