মুক্তদেশ ডেস্ক: খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, ২১ ‘খাওয়ারিজ’ নিহত।আইএসপিআরের (ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস) তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৩ থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষে ২১ জন ‘খাওয়ারিজ’ নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে ‘খাওয়ারিজ’দের একটি দলের গতিবিধি শনাক্ত করা হয়। এরপর নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৭ জন ‘খাওয়ারিজ’কে হত্যা করে।
আইএসপিআর জানায়, কোহাট ও ডেরা ইসমাইল খান জেলাতেও যৌথ অভিযান চালানো হয়। এসব অভিযানে দুটি পৃথক সংঘর্ষে আরও ৪ জন ‘খাওয়ারিজ’ নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে চালানো অভিযানের পর ওই এলাকায় লুকিয়ে থাকা আরও ১০ জন ‘খাওয়ারিজ’কে হত্যা করা হয়। এসব অভিযানসহ নিহত ‘খাওয়ারিজ’-এর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
আইএসপিআর বলেছে, পাকিস্তান-আফগান সীমান্তে সন্ত্রাসীদের চলাচল এবং বারবার সংঘটিত এসব ঘটনা প্রমাণ করে যে, আফগান তালেবান সরকার তার ভূখণ্ডকে সন্ত্রাসী সংগঠনগুলোর ব্যবহারের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডসংক্রান্ত আন্তর্জাতিক দায়িত্ব পালনে আফগান তালেবান সরকার ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, দেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। এলাকায় অবস্থানরত আরও ‘খাওয়ারিজ’দের নির্মূল করতে ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ (স্থিতিশীলতার অঙ্গীকার) কর্মসূচির আওতায় দেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারভাবে অব্যাহত রাখা হবে।
