মুক্তদেশ ডেস্ক: সিরিয়ায় ইসরাইলি হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে নতুন ফাঁদ তৈরি করছেন। তবে তুরস্ক সেই ফাঁদে পা দেবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর।
সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় ইসরাইল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের চেষ্টা করছে—এমন দাবি করে ইসরাইল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয়েই এ দাবি প্রত্যাখ্যান করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘নেতানিয়াহুর মতো ব্যক্তির ফাঁদে পা না দেওয়ার জন্য আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে। নেতানিয়াহুর লক্ষ্য হলো আমাদের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা।’
ইসরাইলি হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরাইল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ওই ঘাঁটিতে গিয়েছিল। তবে তুরস্ক এ দাবি প্রত্যাখ্যান করেছে।
সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দল ঘাঁটিতে গিয়েছিল শুধু বিমানঘাঁটিটি পুনর্গঠনের বিষয়টি দেখতে।
তবে নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই ঘাঁটিতে গিয়েছিল।
তার মতে, তুরস্কের সেনাদের সেখানে উপস্থিতি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি।
ইসরাইলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, ‘তুরস্কের সামরিক বাহিনী উত্তরাঞ্চলের দিকে আসবে, আমরা এটি মানব না। কারণ এটি আমাদের জন্য হুমকি।’
সূত্র: দ্য নিউ আরব
