মুক্তদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর।
আরেক আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ। তবে তারা জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
