মুক্তদেশ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের সূত্র দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খুব শিগগিরই এটি জনসমক্ষে প্রকাশ করা হতে পারে। এই চুক্তিটির মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর।
প্রাথমিকভাবে এর আর্থিক মূল্য ধরা হয়েছে কয়েক হাজার কোটি ডলার। চুক্তির মূল উদ্দেশ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণের সার্বিক দায়িত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা। এটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে অন্যান্য বিদেশি প্রতিযোগী দেশ কম্পানিগুলো এ দৌড় থেকে বাদ পড়ে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একটি যৌথ সমীক্ষা শেষে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তিটি সৌদি আরবের জন্য একটি বড় কূটনৈতিক বিজয়, যা তাদের নতুন প্রযুক্তির দুয়ার খুলে দেবে। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কম্পানিগুলোর জন্য আনবে বিপুল মুনাফা। তবে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে এ ধরনের পারমাণবিক প্রযুক্তির বিস্তার নতুন করে উদ্বেগ ও নিরাপত্তার শঙ্কা বাড়াতে পারে বলেও মনে করছেন অনেকে।
