খেলা ডেস্ক: লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো।
পুরো ম্যাচেই পজেশন ও আক্রমণে আধিপত্য করে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য তাদের ১৭ শটের আটটি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম পাঁচ শট নিয়ে কেবল দুটিই লক্ষ্যে রাখতে পারে।
১৬ বছর পর, আবার বিশ্বকাপের শেষ চারে উঠল স্প্যানিশরা। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা। আর গত দুই আসরেই তাদের পথচলা শেষ হয় শেষ ষোলোয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে, ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা।
প্রত্যাশিতভাবেই শুরু থেকে বেশিরভাগ সময় বল দখলে রেখে খেলতে থাকে স্পেন। যদিও আক্রমণে তেমন আহামরি কিছু করতে পারছিল না তারা।
