মুক্তদেশ ডেস্ক: বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে লিওনেল মেসির সঙ্গে সমতায় পৌঁছেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করলেও শেষ পর্যন্ত গোল করে দলকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।
ম্যাচের ৬০তম মিনিটে এমবাপ্পের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফ্রান্স। এবারের বিশ্বকাপে এটি তার অষ্টম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির সমতায় নিয়ে এসেছে। তাদের দুজনের পরেই রয়েছেন নরওয়ের তারকা আর্লিং হলান্ড, যার গোল সংখ্যা সাত।
শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। একই রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে আবারও নজর থাকবে মেসির দিকে।
ম্যাচের ২৮তম মিনিটে মরক্কোর রক্ষণভাগের খেলোয়াড় নুসাইর মাজরাউইয়ের ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে এমবাপ্পের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।
তবে দ্বিতীয়ার্ধে আর ভুল করেননি এমবাপ্পে। বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এমবাপ্পের সহায়তায় গোলটি করে ফ্রান্সকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
ম্যাচের ৭৭তম মিনিটে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বদলি খেলোয়াড় নামার আগে দর্শকদের উদ্দেশে দুই হাত নেড়ে অভিবাদন জানান ফরাসি এই তারকা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও আরও একটি ধাপ এগিয়েছেন এমবাপ্পে। ২০টি ম্যাচে তার গোলসংখ্যা এখন ২০। অন্যদিকে, ছয়টি বিশ্বকাপ মিলিয়ে ৩১ ম্যাচে ২১ গোল করে তালিকায় এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ছিল জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের।
