মুক্তদেশ ডেস্ক: দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো।হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও বিরতির খেলার পুরো নিয়ন্ত্রণ তুলে নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধেই আসে তাদের তিনটি গোল।

ম্যাচের ৫০তম মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান এই মিডফিল্ডার। ম্যাচের একেবারে শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রাহিমি।
এই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে মরক্কো। আগামী বৃহস্পতিবার ফক্সবরোতে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ের বিপক্ষে।
অন্যদিকে স্বাগতিক কানাডার জন্য এটি বড় হতাশার বিদায়। ম্যাচে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সুযোগ নষ্টের খেসারত দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো কানাডাকে।
