মুক্তদেশ ডেস্ক: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়।
এবার দেশের সাধারণ সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এইচএসসি পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন, গতবারের তুলনায় যা ২২ হাজার ৭৬৬ জন বেশি।
সাধারণ ৯ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এছাড়া মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে দুই লাখ ৮৬৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন। সাধারণ ৯ শিক্ষা বোর্ডে ছাত্রী এবং কারিগরি ও মাদরাসা বোর্ডে ছাত্রের সংখ্যা বেশি।
আজ সাধারণ ও কারিগরি বোর্ডে বাংলা এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ বিষয়ের মধ্য দিয়ে শুরু হচ্ছে পরীক্ষা পর্ব। এবার দুই হাজার ৬৯৭ কেন্দ্রের মধ্যে ১৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই ঢাকায়। এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপ্রত্র বিতরণ, খাতা সংরক্ষণ, ক্যালকুলেটরের ব্যবহার, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা দেওয়া হয়েছে।
