মুক্তদেশ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, মুসলিম ধর্মাবলম্বী ফুটবলারদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। তবে ফিফার এই উদ্যোগকে বৈষম্য নয়, বরং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান হিসেবেই দেখা হচ্ছে।
মহম্মদ সালাহ, আশরাফ হাকিমি কিংবা অন্য কোনো মুসলিম ফুটবলার ম্যাচ সেরা হলে যে ট্রফি দেওয়া হচ্ছে, তাতে থাকছে না মদ প্রস্তুতকারক সংস্থা মিশেলব আল্ট্রার নাম বা লোগো। এমনকি ট্রফি গ্রহণের সময় ছবি তোলার পেছনের ব্যাকড্রপেও থাকছে না ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং।
এর কারণ, বিশ্বকাপের ম্যাচ সেরার ট্রফির অন্যতম স্পনসর মিশেলব আল্ট্রা একটি মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ হওয়ায় অনেক মুসলিম ফুটবলার ধর্মীয় বিশ্বাসের কারণে এ ধরনের ব্র্যান্ডিং গ্রহণ করতে অনিচ্ছুক। তাই তাঁদের জন্য আলাদা ট্রফি ও ছবি তোলার ব্যবস্থা করেছে ফিফা।
তবে অন্য ফুটবলারদের ক্ষেত্রে আগের নিয়মই থাকছে। লিয়োনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোদের দেওয়া ট্রফিতে স্পনসর প্রতিষ্ঠানের নাম ও লোগো রয়েছে এবং তাঁরা সেই ট্রফি নিয়েই ছবি তুলেছেন।
এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল শেনাউই। কিন্তু ট্রফিতে মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো থাকায় তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
২০২২ সালের বিশ্বকাপেও একই ধরনের ঘটনা ঘটে। ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ট্রফিতে থাকা মদ প্রস্তুতকারক সংস্থার লোগো হাত দিয়ে ঢেকে ছবি তোলেন। এ কারণে তাঁকে জরিমানাও দিতে হয়। কয়েকজন মুসলিম ফুটবলারও একইভাবে লোগো আড়াল করেছিলেন।
আগের এসব অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই সতর্ক ছিল ফিফা। বিতর্ক এড়ানো এবং খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখাতেই মুসলিম ফুটবলারদের জন্য আলাদা ট্রফির ব্যবস্থা করা হয়েছে।
