টাঙ্গাইল: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। রোববার মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নিহত যুবক মৃদল খান (২২) উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের সাঈদ খানের ছেলে।
মৃদলের বাবা সাঈদ খান জানান, উন্নত জীবনের আশায় এজেন্সির মাধ্যমে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মৃদল। তবে দীর্ঘ চেষ্টা করেও ইউরোপের ভিসা না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরের জানুয়ারির ২৯ তারিখে রাশিয়ায় যান তিনি। সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালালচক্রের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে যোগ দেন।
নিহত মৃদলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
