মুক্তদেশ ডেস্ক: রাজধানীর একটি হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তার স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সাফি উল্লাহর পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ওবাইদুল্লাহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাফির জামিন নামঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ১২ জুন দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় ঝিলিকের। এ ঘটনায় তার বড় ভাই মোজাম্মেল হক গত ১৩ জুন ধানমন্ডি মডেল থানায় মামলা করেন। এ মামলায় অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড দেয় আদালত। রিমান্ড শেষে ১৪ জুন তাকে কারাগারে পাঠানো হয়।
মামলায় অভিযোগ করা হয়, পেটের ব্যথা নিয়ে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাফি। সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ঝিলিক তার স্বজনদের হাসপাতালে বিলের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। ওইদিন দুপুর সোয়া ১টার দিকে ঝিলিকের সঙ্গে ছোট বোন রেশমি আক্তারের ভিডিও কলে কথা হয়। ঘণ্টাখানেক পর সাফি ঝিলিকের বাবাকে ফোন করে তার মৃত্যুর খবর দেন।
জানা গেছে, ছোট ও বড় পর্দা মিলিয়ে আসমা আক্তার ঝিলিক বেশ কিছু কাজ করেছেন। চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ সিনেমার একটি চরিত্রেও কাজ করেছেন তিনি। তবে ঝিলিক অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তিনি স্বামী-সন্তান নিয়েই থাকতেন।
