খেলা ডেস্ক: পর্দা উঠেছে ২০২৬ বিশ্বকাপের। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। যেখানে টুর্নামেন্টের প্রথম গোলটি এল মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। এই ফরোয়ার্ড ৯ মিনিটে গোলটি করেছেন।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি।
প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।
ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে সঙ্গীত পরিবেশন করেন বিশ্বখ্যাত কলম্বিয়ান শিল্পী শাকিরা। এছাড়া জে বালভিন ও দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও অংশ নেন।
‘এ’ গ্রুপে রয়েছে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চেকিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পরবর্তী পর্বে উঠবে। এছাড়া ১২টি গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ ৩২-এর নতুন পর্বে খেলার সুযোগ পাবে।
দুই দলের মধ্যে এটি হবে পঞ্চম সাক্ষাৎ। আগের চার ম্যাচে মেক্সিকো জিতেছে দুটি, দক্ষিণ আফ্রিকা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে।
সবশেষ দেখা হয়েছিল ২০১০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। সেদিন দক্ষিণ আফ্রিকার সিফিওয়ে শাবালালার দুর্দান্ত গোলে এগিয়ে গেলেও পরে সমতা ফেরান রাফায়েল মার্কেস। ফলে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।
