মুক্তদেশ ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যৌথ সামরিক অভিযানে ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক কয়েক দিনে চালানো এসব অভিযানে দেশটির বাহিনীর সঙ্গে অংশ নেয় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম)। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার নাইজেরিয়ার প্রতিরক্ষা সদরদপ্তর জানায়, অভিযানে আইএস ও তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সর ব্যবহৃত বিভিন্ন চেকপয়েন্ট, অস্ত্রভান্ডার, সরবরাহকেন্দ্র, সামরিক সরঞ্জাম এবং অর্থায়নের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু যৌথ অভিযানে অংশ নেওয়া সেনাসদস্যদের প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানো হবে এবং দেশের সব জঙ্গি ঘাঁটি ধ্বংসে সরকার বদ্ধপরিকর।
এদিকে নাইজেরিয়ার সেনাবাহিনী আরও জানিয়েছে, অভিযানে আইএসডব্লিউএপির গুরুত্বপূর্ণ নেতা আব্দ-আল ওয়াহাব নিহত হয়েছেন। তিনি সংগঠনটির হামলা পরিকল্পনা ও প্রচারণা কার্যক্রম সমন্বয় করতেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে আবু মুসা আল-মাঙ্গাউই ও আবু আল-মুথান্না আল-মুহাজির নামে আরও দুই জ্যেষ্ঠ সদস্য নিহত হওয়ার তথ্যও দিয়েছে সেনাবাহিনী।
মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর আফ্রিকার দিকে কার্যক্রম বাড়িয়েছে আইএস। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ২০২৬ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে সংগঠনটির মোট তৎপরতার ৮৬ শতাংশই ছিল আফ্রিকাকেন্দ্রিক।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দেয়। শুরুতে তাদের ভূমিকা প্রশিক্ষণ ও পরামর্শদানে সীমিত থাকবে বলা হলেও সাম্প্রতিক যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
