বাসস, ঢাকা
বাংলাদেশের আকাশে গতকাল সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হয়। এই ঈদে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা হয়।
গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চাঁদ দেখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্ম সচিব ছাদেক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম খান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুব উল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন।
সৌদি আরবে গত রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে ১০ জিলহজ ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ রোববার এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।
