মুক্তদেশ ডেস্ক: রাজশাহী থেকে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে তাঁরা এ ধর্মঘট পালন করছেন। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ রেখে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বাসের কাউন্টারগুলো বন্ধ থাকলেও সেখানে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। ঘন ঘন এ ধরনের কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগেই ছুটি নিয়েছি। এসে দেখি বাস বন্ধ। কয়েক দিন আগেও এমন হয়েছিল। রাজশাহীতে মাঝেমধ্যেই শ্রমিকেরা বাস বন্ধ রেখে আমাদের ভোগান্তিতে ফেলেন।’
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে রফিকুল ইসলাম পাখি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাঁর নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে শ্রমিকদের একাংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছেন।
তবে বাস চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি বলেন, ‘আমি তো জানি না ভাই, কে বাস বন্ধ করেছে। দেখি, খোঁজ নিই।’ তিনি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমি এখন পুলিশ কমিশনারের কার্যালয়ে এসেছি।’
