মুক্তদেশ ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে তিনি সড়কপথে রাজধানীর গুলশানের বাসা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে কুমিল্লায় একটি পথসভায় অংশ নেওয়ার পাশাপাশি চাঁদপুরে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার পর প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন।
এই সফরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি
সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চাঁদপুর সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।
