মুক্তদেশ ডেস্ক: সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের পর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হয়েছে।
মূলত নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার আবেদনটি গ্রহণ করেনি। বুধবার (২২ এপ্রিল) এ ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টা পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় কমিশন আইনগতভাবে তার প্রার্থিতা বাতিল বা অযোগ্য ঘোষণা করেছে।
এদিকে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
আরপিওতে প্রার্থীর অযোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ১২(১)(চ) ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচতি হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনও চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।
জানা গেছে, মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করেন তিনি।
মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।
জামায়াত জোটের শরিক এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। আর ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই।
