মুক্তদেশ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যের ওপর পথচারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে রাহাত পারভেজ নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
আহত কনস্টেবল রাহাত পরভেজ টঙ্গী পূর্ব থানায় কর্মরত রয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, টঙ্গী পূর্ব থানার কনস্টেবল রাহাত পারভেজসহ পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি এক পথচারীকে তল্লাশি করার চেষ্টা করলে বাক-বিতন্ডা বাধে। পরবর্তীতে আরও ৮/১০ জন পথচারী মিলিত হয়ে কনস্টেবল রাহাত পারভেজের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। তবে, অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তার সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় টঙ্গি পূর্ব থানা একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক তুহিন হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।’
