মুক্তদেশ ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, ব্রিজটির ঢালাইয়ে নিয়ম অনুযায়ী রড ব্যবহার না করে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয়রা জানান, ঢালাইয়ের সময় তারা বাধা দিলে ঠিকাদার পাঁচটি রড এনে দেখান। তবে সিমেন্টের ঘাটতি থাকায় স্থানীয়দের দিয়ে পাঁচ ব্যাগ সিমেন্ট কিনিয়ে নেওয়া হয়। পরে ব্রিজের উত্তর পাশে বাঁশের কঞ্চি ব্যবহার করে গত মঙ্গলবার ঢালাই সম্পন্ন করা হয়।
এ পথে চলাচলকারী মো. হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা অভিযোগ করে বলেন, “ব্রিজটির দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও ইউপি সদস্য সোহেল মোল্লা মাত্র ৪৫ ফুট ঢালাই করেছেন।”
স্থানীয়দের আরও অভিযোগ, ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ১ লাখ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি সুফলভোগীদের কাছ থেকেও বিভিন্ন সময়ে প্রায় ৮৫ হাজার টাকা নেওয়া হয়েছে।
তবে ইউপি সদস্য সোহেল মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “বাঁশ ব্যবহার করা হয়েছে ব্রিজের বাইরে। এছাড়া কাজটি আমরা করিনি, স্থানীয়রাই করেছে।”
এ বিষয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, “প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা এবং পরে ঢালাইয়ের জন্য আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “ব্রিজের ঢালাইয়ের বিষয়ে আমাদের বিভাগকে জানানো হয়নি। এলজিইডিকে না জানিয়ে এ ধরনের কাজ করা নিয়মবহির্ভূত।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
