মুক্তদেশ ডেস্ক: অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। জেল হাজতে আটক শ্রমিকদের আগামীকাল সোমবারের মধ্য মুক্তির আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়।
রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। রবিবার রাত ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু।
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু ও পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্য শ্রমিক নেতৃবৃন্দ ।
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে। রবিবার রাত ৮টা থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে পার্বতীপুর রেলওয়ে অয়েল হেড ডিপোর কার্যক্রমম শুরু হবে।
