মুক্তদেশ ডেস্ক: ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন পাচার হওয়া ৭ বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী।
শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন জেসমিন আক্তার, রুপা ইসলাম, আরমান হোসেন, জিতেন্দ্র বড়াই, আব্দুল্লাহ আলী, রাজু হালদার ও আবু তাহের। তারা সবাই যশোর, বরিশাল, পটুয়াখালী, পঞ্চগড়, গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
রোববার (১৫ মার্চ) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিদেশে যাওয়ার আশায় আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিলেন। সেখানে পুলিশের হাতে আটক হন তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার তারা দেশে ফিরেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামের দুটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
