মুক্তদেশ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার দুই দিন পর রোববার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান নাহিদ ইসলাম। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে নাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন এবং দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সাক্ষাতে নাহিদ ইসলাম রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। বিএনপির পক্ষ থেকেও সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
নাহিদ ইসলাম তারেক রহমানকে শহীদ আনাসের ফ্রেমে বাঁধানো একটি চিঠি এবং এনসিপির দলীয় প্রতীক ‘শাপলা কলি’র স্টিলের প্রতিকৃতি উপহার দেন। পরে দুজনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে রাত সোয়া নয়টার দিকে বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, নির্বাচনের কয়েকটি আসনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন থাকলেও রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে এই সাক্ষাৎ হয়েছে।
তিনি আরও জানান, সংস্কার, বিচার, নির্বাচন–পরবর্তী সহিংসতা, কৃষি, শিক্ষা, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন নীতিগত বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়ে কথা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সহিংসতার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব দলের মধ্যে সংলাপ ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা জরুরি। তবে বিএনপি সরকারের মন্ত্রিসভায় যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট করেন আখতার হোসেন।
নির্বাচন–পরবর্তী সময়ে দুই দলের এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দেবে বলে আশা প্রকাশ করেন এনসিপি নেতারা।
