মুক্তদেশ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহর ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য অনেকটাই ঈদের আমেজের কথা মনে করিয়ে দিচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস হলেও তার আগেই অনেকে পরিবার-পরিজন নিয়ে গ্রামে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে ঈদের সময়ের মতো চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। ইতোমধ্যে বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
মঙ্গলবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ট্রেন ধরতে আসা মানুষের চোখেমুখে আনন্দ ও প্রত্যাশার ছাপ স্পষ্ট। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আড্ডা করে বাড়ি ফিরছেন তারা।
বাসের টিকিট না পাওয়ায় অনেক যাত্রী ট্রেন যাত্রা বেছে নিয়েছেন। তবে ট্রেনে আসন সংকটের কারণে অনেককে দাঁড়িয়ে কিংবা ঝুঁকিপূর্ণভাবে ছাদে উঠে গন্তব্যে যেতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন,
“যাত্রীদের ছাদে উঠতে নিষেধ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত চাপের কারণে সবাইকে নামানো সম্ভব হচ্ছে না। অনেকেই ভোট দেওয়ার কথা বলে ঝুঁকি নিয়েই যাত্রা করছে। মানবিক দিক বিবেচনায় আমাদেরও কিছুটা ছাড় দিতে হচ্ছে।”
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ভোট দিতে যাচ্ছেন আনজুম দম্পতি। তিনি বলেন,
“দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এবার প্রথমবার ভোট দেবো—এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কমলাপুরে এসে দেখি আমার মতো শত শত মানুষ ভোট দিতে যাচ্ছে, সত্যিই ঈদের মতো লাগছে।”
কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া শিক্ষার্থী জাহিন বলেন,
“আমি এবারই প্রথম ভোটার হয়েছি। এবারের নির্বাচন শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। তরুণ প্রজন্মের জন্য এটি বড় সুযোগ।”
রেলওয়ে সূত্র জানিয়েছে, নির্বাচন উপলক্ষে যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত কোচ সংযোজন ও বিশেষ ব্যবস্থার চেষ্টা করা হলেও ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে।
সব মিলিয়ে ভোটের টানে গ্রামে ছুটছে সর্বস্তরের মানুষ। রাজধানীতে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভোটাধিকার প্রয়োগের আগ্রহ ও উৎসাহে মুখর হয়ে উঠেছে কমলাপুরসহ দেশের বিভিন্ন টার্মিনাল।
