মুক্তদেশ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের কোনো মানুষ চাঁদাবাজিকে নতুন পেশা হিসেবে দেখতে চায় না। রোববার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ১০ দলীয় জোট আয়োজিত ঢাকা-৪ ও ৫ আসনের এমপি পদপ্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, ‘তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেওয়া হবে। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না।’
তিনি আরো বলেন, ‘কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজের মা-বাবা বলবে না, স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলবে না। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।’
আমিরে জামায়াত বলেন, তরুণদের হাতে বেকার ভাতা নয়, তাদের বাংলাদেশ গড়ার কারিগরে পরিণত করা হবে।
দেশ পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করার কথা বলেন তিনি। আমিরে জামায়াত বলেন, ‘আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই, আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আর কেউ এসে বাংলাদেশের ওপর খবরদারি করুক তা-ও দেখতে চাই না।’
