মুক্তদেশ ডেস্ক: জুলাই বিপ্লবে রাজধানীর চানখাঁরপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার হচ্ছে না। রায়ের জন্য তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নতুন এই দিন ধার্য করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য এই দিন নির্ধারণ করে।
আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রায় আট মাস পর আজ এ মামলার রায় ঘোষণা করা হবে। এটি ২০২৪ সালের জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত দ্বিতীয় রায় হতে যাচ্ছে।
এর আগে গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই শীর্ষ সহযোগীর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা করে। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী তামীম বলেন, রাষ্ট্রপক্ষ ২৬ জন সাক্ষীর জবানবন্দির পাশাপাশি অসংখ্য নথিপত্র, অডিও-ভিডিও ও ফরেনসিক প্রমাণ উপস্থাপন করেছে। এর মধ্যে শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের রেকর্ড, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস অডিও বার্তা, পুলিশের গুলিবর্ষণের ভিডিও ফুটেজ, নিহতদের মৃত্যুসনদ এবং ঘটনার দিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে অস্ত্র ইস্যুর রেকর্ড অন্তর্ভুক্ত রয়েছে।
