মুক্তদেশ ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্ক্র্যাপ ইয়ার্ডে রাখা কাঠ, টিন, লোহার রডসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ছে। ঘটনাস্থলে মহেশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পরিস্থিতি সামাল দিতে চকরিয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট মাতারবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। ফায়ার সার্ভিসের মাতারবাড়ী ইউনিটের টিম লিডার সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, মাতারবাড়ী টাউনশিপের একটি খোলা জায়গায় এই স্ক্র্যাপ ইয়ার্ডটি গড়ে তোলা হয়েছে। সেখানে তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত পুরোনো মালামাল সংরক্ষণ করা হয়। প্রায়ই রাতের বেলায় লোকজন সেখানে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। স্থানীয় লবণশ্রমিক আমজাদ হোসেন বলেন, রাত সোয়া ৯টার দিকে হঠাৎ টাউনশিপের স্ক্র্যাপ ইয়ার্ডের গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন তাঁরা। রাত ১০টার দিকে মহেশখালী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। উল্লেখ্য, স্ক্র্যাপ ইয়ার্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষম মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র অবস্থিত।গতকাল রাত১২টায় শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
