মুক্তদেশ ডেস্ক:‘গ্রাসরুটস টু গ্রেটনেস’ স্লোগানকে সামনে রেখে সিলেটে শুরু হতে যাচ্ছে স্কুল ক্রিকেটের নতুন আসর। শনিবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জিএনসি স্কুল ক্রিকেট ২০২৬’-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অংশগ্রহণকারী স্কুলগুলোর অধিনায়কদের উপস্থিতিতে বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে জার্সি ও ট্রফি উন্মোচন করেন। এ সময় আতশবাজির ঝলকানিতে উৎসবমুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল সিলেট রিজিওনাল ক্রিকেট সেন্টার (আরসিসি)-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের পরিচর্যা ও প্রতিভা বিকাশে স্কুল ক্রিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
