মুক্তদেশ ডেস্ক:নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ।
তিনি জানান, কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষের কাঁচের দেয়াল ভেঙে যায়। এ সময় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক দগ্ধ হন এবং কাঁচের আঘাতে আহত হন।
আহতরা হলেন— মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রথমে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ওসি গোলাম মুক্তার আশরাফ বলেন, আহতরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
রাত ১০টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধ রোগীকে জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের শরীরের পোড়ার মাত্রা এখনো নিরূপণ করা হয়নি।
এদিকে আকিজ সিমেন্ট ফ্যাক্টরির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত শ্রমিকরা চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে তারা সবাই শঙ্কামুক্ত।
