মুক্তদেশ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তাকে ক্ষমতাচ্যুত করা হবে’। একই সঙ্গে তিনি চলমান বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট শক্তিগুলোর ইরানকে অস্থিতিশীল করার প্রয়াস বলে দাবি করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি বলেছেন, ‘বিশ্বের স্বৈরশাসকরা অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়ে, ট্রাম্পকেও একদিন একই পথ বরণ করতে হবে।’
তিনি আরও জানিয়েছেন, ইরান হাজারো মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। দেশকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত শক্তির সামনে কখনো মাথা নত করতে দেওয়া হবে না।
খামেনি অভিযোগ করেছেন, বিক্ষোভে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি বলেছেন, যদি ট্রাম্প সত্যিই জানত কীভাবে একটি দেশ চালাতে হয়, তাহলে নিজের দেশকে ঠিকভাবে চালাত। ভাষণের শেষে তিনি ইরানের জনগণ, বিশেষ করে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
