বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি। সবাই ঐক্যবদ্ধ হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।
তিনি বলেন, ৭১ এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
তারেক রহমান আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।
জাতির উদ্দেশে বক্তব্য শেষে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশানের বাসায় যাবেন বিএনপির এ শীর্ষ নেতা।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ ব্র্যান্ডিংয়ে লাল-সবুজের বাসটি ৩০০ ফুট এলাকার সংবর্ধনাস্থলে আসে।
সংবর্ধনাস্থলে যেতে যেতে দেশবাসীর উদ্দেশে বাস থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো পথ জনসমুদ্রে পরিণত হওয়ায় বাসটিকে গন্তব্যস্থলের দিকে বেশ ধীর গতিতে এগিয়ে যায়। এতটাই বেগ পেতে হয়েছে ৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লেগেছে ৩ ঘণ্টার বেশি।
এদিকে, আজ ১১টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি। তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন ঢাকায় থাকা পরিবারের সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
