মুক্তদেশ ডেস্ক: সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কোনো প্রার্থী নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করলে সেটি তার ব্যক্তিগত মতামত।
বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে জেলা ও শিল্প পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থীর নির্বাচনে না অংশ নেওয়া তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই।
তিনি বলেন, নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি কোন ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তা তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ ‘নিরাপত্তাজনিত শঙ্কায়’ নির্বাচন না করার ঘোষণা দেন।
