মুক্তদেশ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গাইডলাইন মেনে তাঁর সব চিকিৎসা চলছে। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালিসিস চলছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের পক্ষসংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে বলা হয়েছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়াসহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির ভিত্তিতে তাঁর চিকিৎসা চলছে । তাই বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধও জানানো হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
