মুক্তদেশ ডেস্ক: ২০২৬ সালের (বৃহস্পতিবার) ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ তারিখ ঘোষণা করেন।
সিইসি বলেন, নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ২২ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগের আনুষ্ঠানিকতা হিসাবে বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইসির নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
তফসিল ঘোষণার আগের দিন আপিল বিভাগের দেওয়া রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনের এক অনানুষ্ঠানিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গাজীপুরে একটি আসন কমে যাবে। আর বাগেরহাটে কেটে নেওয়া আসন ফেরত দেওয়া হবে।
