মুক্তদেশ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সময়ে জোরপূর্বক অপহরণ ও গুম করে নির্যাতনের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৪ই ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। সেনাবাহিনীর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুমের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৩ আসামি গ্রেপ্তার হয়ে সাব-জেলে আছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এই দিন ধার্য করেন।
এই মামলার আসামীদের বিরুদ্ধে ৫ টি অভিযোগ এনে প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে, এই মামলায় গ্রেফতার ৩ সেনা কর্মকর্তাসহ আসামীদের অভিযোগ থেকে অব্যহতি চেয়েছেন তাদের আইনজীবীরা।
এই মামলার আসামিদের মধ্যে গ্রেফতার যে তিন সেনা কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। এদিকে, মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ দশ আসামি পলাতক রয়েছেন।
