মুক্তদেশ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে চিঠি পাঠানোর পর বেশ কিছুদিন পার হলেও ভারতের কাছ থেকে এখনো কোনো উত্তর আসেনি। এত দ্রুত উত্তর আসবে বলেও আশা করছে না ঢাকা।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোন প্রক্রিয়ায় চিঠি পাঠানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। তবে আমরা আশা করছি, উত্তরটি একসময় পাব।
চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভারতকে জানিয়েছি, শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাই তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক।
