মুক্তদেশ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি আজ শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে আগামী ৪ ডিসেম্বর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে ১৩ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তা বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
সেদিন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর না করার জন্য আমরা আবেদন করেছিলাম। অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেছেন, এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না।
