মুক্তদেশ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভার ও গাজীপুরের মাঝামাঝি বাইপাইল এলাকায় আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহাম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর পলাশ উপজেলা।’
এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
