মুক্তদেশ ডেস্ক: ‘বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। তখন সংবিধানও নির্বাক হয়ে যায়। আর এ কারণে মানুষের প্রত্যাশা ধ্বংস হয়।’ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বে অব বেঙ্গল কনভারসেশনে’ এ কথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, জুলাই বিপ্লব সংবিধান উৎখাত করতে নয়, বরং এর সঙ্গে সম্পর্ক বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া– এ তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।
প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়– এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। ২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে।
