ক্রীড়া ডেস্ক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফুটবলার আশরাফ হাকিমি আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ৫২ বছরের মধ্যে তিনিই প্রথম রক্ষণভাগের খেলোয়াড় যিনি এই পুরস্কার জিতলেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
বুধবার (১৯ নভেম্বর) মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ২০২৫ সিএএফ অ্যাওয়ার্ডসে মরক্কোর এই রাইট-ব্যাক হাকিমি লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ এবং নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমহেনকে পেছনে ফেলে ভোটে শীর্ষে উঠে আসেন।
গত মে মাসে পিএসজিকে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এই ট্রফি প্রদান করা হয়।
সেই ফাইনালে তারা ইতালির ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে ঐতিহাসিক ট্রেবল জয়ের অংশ হিসেবে লিগ ১ শিরোপা এবং কুপ দে ফ্রান্সও জিতে নেয়।
আগস্টে পিএসজি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইউএফএ সুপার কাপও জেতে, যা তাদের ২০২৫ সালের ক্যালেন্ডার ইয়ার-এর চতুর্থ ট্রফি।
হাকিমি—১৯৯৮ সালে মুস্তাফা হাজির পর প্রথম মরক্কোর খেলোয়াড় এবং ১৯৭৩ সালে তৎকালীন জায়ার (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)-এর বুয়াঙ্গা তশিমেনের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার পেলেন।
তিনি বলেন, ‘এই ট্রফিটি শুধু আমার নয়, আফ্রিকার সব শক্তিশালী পুরুষ ও নারী ফুটবলারের জন্য, যাদের স্বপ্ন একজন পেশাদার ফুটবলার হওয়া।’
তিনি আরও বলেন, ‘শৈশব থেকেই যারা বিশ্বাস করেছেন যে আমি একদিন পেশাদার ফুটবলার হব—আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
