মুক্তদেশ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ঢাকায় নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরা-চার্লের সাথে সাক্ষাৎ করেন। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে জামায়াতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি, বৈঠকে আসন্ন নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মানবাধিকার পরিস্থিতি, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে জামায়াতে আমীর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি ইউরোপীয় দেশটিকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও, বৈঠকে আশা প্রকাশ করা হয় যে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।
নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরা-চার্ল এবং ফরাসি দূতাবাসের রাজনৈতিক পরামর্শদাতা ক্রিশ্চিয়ান বেকও বৈঠকে উপস্থিত ছিলেন। অপরদিকে, জামায়াতের আমির ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসান প্রমুখ।
